নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : রেলওয়ের নিয়োগ দুর্নীতির সাতটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুদকের দুই কর্মকর্তা চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম আদালতে এই সম্পূরক অভিযোগপত্র জমা দেন। দুই বছর আগে মৃধাকে ৭ মামলায় অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দেওয়ার পর আদালত মামলাগুলো অধিকতর তদন্তের জন্য দুদকে ফেরত পাঠান। এরপর দুদকের দুই কর্মকর্তা মামলাগুলো অধিকতর তদন্তের দায়িত্ব পান। এ দুই কর্মকর্তা হলেন আজিজুর রহমান ভুইয়া এবং সৈয়দ আহাম্মেদর রাসেল। সম্পূরক অভিযোগপত্রে মৃধাকে অভিযুক্ত করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানান।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের উপপরিচালক আহমেদ রাসেল রাইজিংবিডিকে জানান, আদালতের নির্দেশে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে সাতটি মামলায় অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ইউসুফ আলী মৃধা এবং রেলওয়ে পূর্বাঞ্চলের প্রাক্তন ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়াকে আসামি করা হয়েছে। এ ছাড়া দুর্নীতির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল ঢাকায় বিজিবি হেডকোয়ার্টারে টাকার বস্তাসহ আটক হন তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুক। এ ঘটনা তদন্ত করতে গিয়ে দুদক রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার সম্পৃক্ততা পান। রেলের ১৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে অনিয়মের তথ্য পায় দুদক।
এরপর ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি থানায় ইউসুফ আলী মৃধাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ১৩টি দুর্নীতির মামলা করে দুদক।ইউসুফ আলী মৃধা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।


