মেক্সিকান ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে গ্রেফতার করেছে দেশটির নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকায় এ মাদক মাফিয়াকে মেক্সিকোর পশ্চিম সিনালোয়া রাজ্য থেকে গ্রেফতার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ৬৯ বছর বয়সী কুইন্টেরোকে পশ্চিম সিনালোয়া রাজ্যে একটি ঝোপ থেকে গ্রেফতার করা হয়। ম্যাক্স নামে বিশেষভাবে প্রশিক্ষিত একটি কুকুরের মাধ্যমে তাকে খুঁজে বের করা হয়। যুক্তরাষ্ট্র বলেছে, কর্তৃপক্ষ অবিলম্বে কুইন্টেরোর প্রত্যর্পণ চাইবে।
১৯৮৫ সালে একজন মার্কিন আইন প্রয়োগকারীকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে কুইন্টেরোর বিরুদ্ধে। এর আগে তাকে চোইক্স শহর থেকে গ্রেফতার করা হয়েছিল।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, একজন মার্কিন কর্মকর্তাকে অপহরণের পর নির্যাতন ও হত্যার দায়ে কোনো মানুষের লুকোনোর জায়গা নেই। কুইন্টেরোকে গ্রেফতারের জন্য তিনি মেক্সিকোর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাফায়েল ক্যারো কুইন্টেরো ছিলেন শক্তিশালী গুয়াদালাজারা কার্টেলের তিন প্রতিষ্ঠাতা সদস্যের একজন। তিনি সাবেক মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এজেন্ট এনরিক ক্যামারেনার হত্যার দায়ে ২৮ বছর কারাগারে ছিলেন।
সূত্র: বিবিসি


