মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত ব্যয়ে দুদকের শুরু

নিজস্ব প্রতিবেদক : মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রে নিয়ম বহির্ভূতভাবে সরকারের ২৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চেয়ারম‌্যান ইকবাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে অনিয়মের রিপোর্ট আমি দেখেছি, যা ইতোমধ্যে অনুসন্ধানের জন্য নির্দেশ দিয়েছি।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনার চলমান কার্যক্রম বিষয়ে মিডিয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

মিডিয়ায় প্রকাশিত অভিযোগে বলা হয়েছে, সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসএমপিসিএল) বিদ্যুৎ কেন্দ্রেই সরকারের গচ্চা প্রায় দুই হাজার তিনশ’ কোটি টাকা। চুক্তি অনুযায়ী ফার্নেস অয়েলের পরিবর্তে ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করায় সরকারের এ অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। ৩০৫ মেগাওয়াটের সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসএমপিসিএল) কাছ থেকে বিদ্যুৎ কিনতে গিয়ে সরকারকে এ অর্থ গচ্চা দিতে হচ্ছে। আগামী ২২ বছর এ হারে বিদ্যুৎ কিনতে হলে ২৫ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।

গত দুই অর্থবছরে (২০১৪-১৫ ও ২০১৫-১৬) এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার ১৪৯ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ইউনিট বিদ্যুৎ কিনেছে। এ জন্য পরিশোধ করা হয়েছে ৩ হাজার ৪৮৬ কোটি ৭১ লাখ টাকা। ফার্নেস অয়েল দিয়ে উৎপাদিত এ পরিমাণ বিদ্যুৎ কিনতে সরকারকে (৮ টাকা ইউনিট হিসাবে) ১ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ করতে হতো। কিন্তু ডিজেল দিয়ে উৎপাদিত বিদ্যুতের মূল্য পরিশোধ করায় সরকারকে অতিরিক্ত দুই হাজার ২৯৪ কোটি ১২ টাকা দিতে হয়েছে। গত অর্থবছরের জন্য পিডিবিকে অতিরিক্ত ১২শ’ কোটি টাকা পরিশোধ করতে হতে পারে।

২২ বছরের চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি ছিল দ্বৈত জ্বালানির (গ্যাস ও ফার্নেস অয়েল)। সামিট মেঘনাঘাট বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েল এবং গ্যাসচালিত মেশিন বসানোর কথা। কিন্তু বসানো হয়েছে ডিজেল ও গ্যাসচালিত মেশিন। এতে দ্বিগুণের বেশি ব্যয় বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি প্রকাশিত পিডিবির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী (২০১৫-১৬) অর্থবছরে আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য সরকার ৭ হাজার ৫৬৫ কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে শুধু সামিটের মেঘনাঘাটের বিদ্যুৎ কেন্দ্রটির জন্য পিডিবির খরচ হয়েছে ২,০৬৯.৭১ কোটি টাকা। কেন্দ্রটি এ সময় ১০১ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৩৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। প্রতি ইউনিটের মূল্য ২০ টাকা ৪০ পয়সা হিসাবে সরকারকে ২,০৬৯.৭১ কোটি টাকা পরিশোধ করতে হয়। অথচ মূল চুক্তি অনুযায়ী ফার্নেস অয়েল দিয়ে উৎপাদিত এ পরিমাণ বিদ্যুৎ কিনতে সরকারের ব্যয় হতো (ইউনিটপ্রতি ৮ টাকা) ৮১১ কোটি ৭৬ লাখ টাকা। ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করায় সরকারকে বেশি ব্যয় করতে হয়েছে প্রায় ১ হাজার ২৫৮ কোটি টাকা।

কেন্দ্রটি ২০১৪ সালে উৎপাদনে আসে। এরপর ২০১৪-১৫ অর্থবছরে কেন্দ্রটির জন্য পিডিবিকে ১ হাজার ৪১৭ কোটি টাকা বিল দিতে হয়েছে। ওই বছর কোম্পানিটি মোট ৪৭ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। এতে ইউনিটপ্রতি বিল হয়েছিল ২৯.৭৭ টাকা। একই পরিমাণ বিদ্যুৎ ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন হলে ব্যয় হতো ৩৮০ কোটি ৮২ লাখ টাকা। ডিজেল দিয়ে বিদ্যুৎ করায় অতিরিক্ত ব্যয় হয়েছে ১০০০ কোটি টাকার বেশি। উৎপাদন বেশি হলে আরো বেশি পরিমাণ অর্থ গচ্চা যেত।

সূত্র আরো জানায়, গত অর্থবছরের বিল এখনও প্রস্তুত করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই বছরও এক হাজার ২০০ কোটি টাকার বেশি অর্থ গচ্চা যেতে পারে। পিডিবির প্রকৌশলীদের বক্তব্য কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদনে শুধু ডিজেল ব্যবহার করায় দুই অর্থবছরে সরকারকে প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। এ অতিরিক্ত ব্যয়কেই সংশ্লিষ্টরা গচ্চা হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ, এ টাকা কোনো দিন ফেরত আসবে না। চুক্তি অনুযায়ী আগামী ২২ বছর পর্যন্ত কেন্দ্রটি যদি ডিজেল দিয়ে পরিচালিত হয় তবে সরকারকে আনুমানিক ২৫ হাজার থেকে ২৭ হাজার কোটি টাকা গচ্চা দিয়ে এখান থেকে বিদ্যুৎ কিনতে হবে।

অভিযোগ রয়েছে, সামিটের এ কেন্দ্রের মতো আরও বেশ কয়েকটি ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলোর কাছ থেকে সরকার উচ্চমূল্যে বিদ্যুৎ কিনছে। উচ্চমূল্যের এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে সরকারকে। এতে জনগণের ওপর করের বোঝা বাড়ছে।