মেশিন রিডেবল এসআইডি চালুর ফলে বাংলাদেশী নাবিকদের বিদেশি জাহাজে কর্মসংস্থান হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মেশিন রিডেবল এসআইডি চালুর ফলে বাংলাদেশী নাবিকদের বিদেশি জাহাজে কর্মসংস্থান হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে নৌপরিবহন অধিদপ্তরের সভাকক্ষে এসআইডি পদ্ধতির আধুনিকায়ন ও অনলাইন ভেরিফিকেশন পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘মেশিন রিডেবল সিফেয়ারার্স আইডেন্টিটি ডকুমেন্ট (এসআইডি) চালু করার ফলে বাংলাদেশী নাবিকরা বিদেশি জাহাজে কাজের সুযোগ পাচ্ছেন এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।’

তিনি বলেন, ‘২০০৯ সালে এসআইডি চালু হওয়ার পর এ পর্যন্ত দশ হাজার এসআইডি কার্ড ইস্যু করা হয়েছে। নতুন এসআইডি পদ্ধতি চালুর মাধ্যমে ভেরিফিকেশন ওয়ার্কস্টেশন স্থাপনের ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমান বন্দর এবং চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে পরিচয় যাচাই করা যাবে। স্মার্ট ফোনের মাধ্যমে ভেরিফিকেশন, পোর্টেবল ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে জাহাজ বা বন্দর এলাকাসহ যে কোনো স্থান থেকে কার্ড যাচাই করার সুযোগ সৃষ্টি হবে। দেশের বহির্গমন স্থানসমূহে বিদেশি নাবিকদের এসআইডি কার্ড যাচাই করা যাবে।

ব্যাক আপ ফাইল সংরক্ষিত হবে, দু’টি নতুন সার্ভার সংযোজিত হওয়ায় দেশ-বিদেশ হতে অনলাইনে নাবিকদের পরিচয় যাচাই কার্যক্রমে আরও সুবিধা পাওয়া যাবে। নতুন জাতীয় প্রতীকের নিরাপত্তা ছাপ সম্বলিত লেমিনেটিংসহ দশ হাজার আধুনিক কার্ড গ্রহণ, এক লক্ষ বায়োমেট্রিক ডাটাবেজ সংরক্ষণের জন্য বায়োমেট্রিক সফটওয়্যার সিস্টেমের লাইসেন্স গ্রহণ করা সম্ভব হবে।

কার্ড জারি করার সময় একই সঙ্গে দুই জন অপারেটর এনরোলমেন্ট করবেন, একই সঙ্গে দু’টি করে ফিঙ্গার প্রিন্ট গ্রহণ, ছবি গ্রহণের জন্য বর্তমান সময়ের উন্নতমানের ক্যামেরা সংযুক্ত, কার্ড মুদ্রণের পূর্বে তিন ধাপে তা যাচাই করার সুযোগ সৃষ্টি হবে। ফলে ব্যয়বহুল কার্ডে অপচয় রোধ হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা সম্ভব হবে। এ সকল উন্নয়নের জন্য নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে।

ইতিপূর্বে জারি করা কার্ডধারিদের তথ্য নতুন পদ্ধতিতে অটোমার্জ হবে। ভবিষ্যতে চিপস সংযুক্ত এসআইডি কার্ড চালু করা হবে। চিপস সংযুক্ত এসআইডি চালু করা হলে পরিচয় সনাক্তকরণে আরও সুবিধা সৃষ্টি হবে। ফলে বাংলাদেশী নাবিকগণ বিদেশ ভ্রমনকালে অযথা হয়রানির হাত থেকে মুক্ত হবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আই এল ও) এসআইডি (নং ১৮৫) অনুযায়ী বাংলাদেশী নাবিকদের কনভেনশনে বর্ণিত বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য ব্যক্তিগত তথ্য অন্তর্ভূক্ত করে এ পরিচয়পত্র প্রদান করা হয়। আন্তর্জাতিক নৌসংস্থার (আইএমও) হোয়াইট লিস্টেড দেশ হিসাবে বাংলাদেশী নাবিকদের এসআইডি থাকার বাধ্যবাধকতা রয়েছে। এসআইডি সরকারিভাবে প্রদান করায় বাংলাদেশী নাবিকদের বহির্বিশ্বে যাওয়া আসায় বিশেষ সুবিধা হয়েছে। আইএলও এসআইডি পদ্ধতির কিছু পরিবর্তন করায় সে অনুসারে এসআইডি কার্যক্রমের মাধ্যমে এসআইডি জারির পদ্ধতির উন্নয়ন করা হয়েছে।’

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, নৌপরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার।