মেয়র সাক্কুর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন পেয়েছেন।

সোমবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক সেলিমা বেগমের আদালতে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সাক্কু। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিকে মামলাটি আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সাক্কুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ শুনানির ধার্য দিনে যাবতীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়নি জানিয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেন।

এর আগে গত ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করে সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা। এরপর ৯ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন সাক্কু। ২৪ মে পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। এরপর ২৪ মে সাক্কু আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে স্থায়ী জামিন দেন। একই সঙ্গে মামলাটি বিশেষ জজ-৮ এ বদলি করা অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১২ জুন ধার্য করে দেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৭ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঢাকার রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি একই কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এ আসামির বিরুদ্ধে ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞান আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনও এমামলায় আসামি ছিলেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সে অনুযায়ী ১৮ এপ্রিল আফরোজা জেসমিনকে অব্যাহতি দেন আদালত।