মোহাম্মদপুরে ঘর থেকে নারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় একটি বাসা থেকে ইসরাত জাহান বৃষ্টি (২৬) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোববার (৭জুন) বিকালের দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ঢাকা উদ্যান রোড নাম্বার ১, ব্লক সি এলাকার একটি আধা পাকা টিনসেড ঘর থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গত চার মাস আগে সবুজ ও বৃষ্টি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই ঘরটি ভাড়া নেন। আপাতত আমরা এই পর্যন্তই জানতে পেরেছি।

বিকেলে সংবাদ পেয়ে ওই ঘর থেকে বৃষ্টির মৃতদেহ উদ্ধারের সময় তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। নিহত নারীর মুখে ফেনা দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তবু তদন্ত করে দেখা হচ্ছে আর নিহতের স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।