নিজস্ব প্রতিবেদক : তামাকপণ্যের প্যাকেট ও কৌটার উপরিভাগের ৫০ শতাংশ জায়গা জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকতে হবে। সতর্কবাণী ছাড়া বাজারজাত করলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এনটিসিসি ৪ জুলাই এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৫ অনুযায়ী তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগের কমপক্ষে শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করার বিধান রয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে তামাকজাত পণ্যের প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগের কমপক্ষে ৫০ শতাংশ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ ব্যতিত কোনো তামাকজাত দ্রব্য বিক্রয় ও বাজারজাত করা যাবে না। একইসাথে এ সংক্রান্ত পূর্বের প্রকাশিত গণবিজ্ঞপ্তিটিও বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ আইনের বিধান লঙ্ঘন করলে তিনি অনূর্ধ্ব ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন।
এদিকে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামাকবিরোধী আন্দোলনকর্মীদের অব্যাহত প্রচেষ্টা এবং গণমাধ্যম বিশেষ করে এন্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স এর জোরাল অবস্থান এই গুরুত্বপূর্ণ অর্জনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এনটিসিসির ইতিবাচক ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাকবিরোধী কর্মীদের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন।


