মৎস্য অফিসারের মাথা ফাটিয়ে দিলেন জেলেরা

জেলার সংবাদদাতাঃ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ নিধন রোধে অভিযান পরিচালনা করার সময় জেলেদের হামলায় মেরিন মৎস্য অফিসার প্রতুল চন্দ্র জোয়াদ্দারের মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন।

রোববার এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে নলশ্রী ও পার্শ্ববর্তী এলাকার আটজনকে নামীয় ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে বানারীপাড়া থানায় এ মামলা করেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদ্য বিসিএস ক্যাডার এএসপি হিসেবে নির্বাচিত মো. নাসির উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করার সময় উপজেলার নলশ্রী ও তার পার্শ্ববর্তী এলাকার জেলেরা অতর্কিতভাবে হামলা করেন। এ সময় জেলেদের হামলায় উপজেলা মেরিন মৎস্য অফিসার প্রতুল চন্দ্র জোয়াদ্দার গুরুতর আহত হন। এ সময় অভিযানের সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষায় পৃথক দুটি ইমারজেন্সি টিমের পাশাপাশি তিনটি ট্রলারে তিন শিফটে প্রতিবার মৎস্য কর্মকর্তাদের সঙ্গে দুজন করে নিরাপত্তা বাহিনী (পুলিশ) থাকবেন। এ ছাড়া এলাকাভিত্তিক জনপ্রতিনিধি ও গ্রামপুলিশ সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।