ময়মনসিংহে বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে।

সেখান থেকে চারটি তাজা বোমা উদ্ধারের পর চার দফায় বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রীয় করা হয়েছে। এরপর পুলিশের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. আলম প্রামাণিক (৩৫)। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তার গ্রামের বাড়ি নাটোরের সদর উপজেলার তেলকুপি গ্রামে।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঘিরে রাখা বাড়িতে বোমা বিশেষজ্ঞ দল দুপুর ৩টা পর্যন্ত অভিযান অব্যাহত রাখে। এরপর তারা অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা থেকে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে এসে পৌঁছায়। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের পর ওই বাড়িতে বোমা কিংবা বোমা ডিভাইস থাকতে পারে ধারণা করে পুলিশ অভিযান না চালিয়ে বাড়িটি ঘিরে রাখে এবং ঢাকা থেকে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল ডাকা হয়।

কাশর গ্রামের আজিম উদ্দিনের ভাড়া দেওয়া ঘরের ভেতর বোমা বিস্ফোরণে একজন নিহত হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আজিম উদ্দিন, নিহতের স্ত্রী-সন্তানসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মো. আলম প্রামাণিক এর আগেও বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ ছিলেন। সবশেষ রোজার ঈদের পরে কুষ্টিয়ায় একটি ‘জঙ্গি আস্তানায়’ ছিলেন তিনি। পাঁচ দিন আগে পরিবার নিয়ে এই বাসা ভাড়া নেন। ঘটনাস্থলে অত্যাধুনিক বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে। চারটি বোমা সেখান থেকে উদ্ধার করে নিষ্ক্রীয় করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিম উদ্দিনের কাশর চৌরাস্তা এলাকায় বাড়িতে ১২টি ঘর রয়েছে। ঘরগুলোতে পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়া থাকেন। পাঁচ দিন আগে স্ত্রী পারভিন ও দুই সন্তান ইব্রাহীম (৮) ও ইছাককে (৩) নিয়ে একটি ঘর ভাড়া নেন নিহত আলম। ভাড়া দেওয়ার সময় বাড়ির মালিক আজিম উদ্দিন ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য নেননি। বোরবার সন্ধ্যা ৬টার দিকে ওই বাড়িতে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয় লোকজন বাড়িতে গিয়ে দেখেন, বোমার আঘাতে প্রামাণিকের দুই হাত উড়ে গেছে এবং ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

বোমার বিস্ফোরণে আলম প্রামাণিকের আট বছরের ছেলে ইব্রাহীম আহত হয়েছে। আলমের স্ত্রী পারভীন আহত ইব্রাহীমসহ দুই শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাত ৯টার দিকে আটক হয়। আহত ইব্রাহীমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।