যশোরে কাউন্সিলরের বাড়ির সীমানায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

মরদেহ উদ্ধার

যশোর শহরের জেলরোড এলাকার কাউন্সিলের বাড়ির সীমানা থেকে মেহেদি হাসান সাগর (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাউন্সিলর অপুর বাড়ির সীমানা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কাউন্সিলর অপুর দাবি, হত্যার পর তার বাড়ির পাশে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

নিহত মেহেদি পেশায় রাজমিস্ত্রি। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর দক্ষিণপাড়ার ফকিরের মোড় এলাকার হানিফ শেখের ছেলে।

যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপু জানান, মঙ্গলবার সকালে বাড়ির সামনের চা দোকানি দোকান খুলতে এসে মরদেহটি দেখতে পান। এরপর তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে রক্ত পড়ে নেই। কেবল নিহতের শরীরে ছুরিকাঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। তার ধারণা হত্যার পর মরদেহটি তার বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।

যশোর কোতোয়ালি থানার থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, কাউন্সিলর অপুর বাড়ির পাশেই মরদেহটি পড়ে ছিল। মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।