যশোরে পূর্ব শত্রুতার জের ধরে ঔষধ ব্যবসায়ী গুরুতর জখম

যশোরে মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: যশোর শহরের নাজির শংকরপুর হাজারি গেটে গত রোববার রাতে জাহিদুল ইসলাম (৪৫) নামে একজন ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় বেজপাড়ার বুনো আসাদসহ ৩ জনের বিরুদ্ধে সোমবার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপর দু’জন হচ্ছেন জাহিদুল ইসলামের চাচা আবুল কালাম আজাদ ও তার ছেলে শাওন।

জাহিদুল ইসলামের অভিযোগ, নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড়ে তিনি ওষুধের ব্যবসা করেন। চাচা আবুল কালাম আজাদের সাথে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ কারণে তাকে খুন জখমের হুমকি দেয়া হচ্ছিলো।

গত রোববার রাত পৌনে ১১ টার দিকে তিনি ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নাজির শংকরপুর হাজারি গেট কমিউনিটি পুলিশিং ফোরাম অফিসের সামনে পৌঁছালে আসামি বুনো আসাদের নেতৃত্বে ও হুকুমে অন্যরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এছাড়া তাকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যোগাযোগ করা হলে কোতয়ালি থানা পুলিশের ডিউটি অফিসার এসআই নুর ইসলাম এ বিষয়ে বলেন, জাহিদুল ইসলামকে জখমের ঘটনায় তারা একটি অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে