নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বিজিবির ল্যান্স করপোরাল মফিজুল ইসলাম (৩০) ও যশোরের শিল্প শহর নওয়াপাড়া শংকরপাশা স্কুলসংলগ্ন রেল বস্তির আমেনা বেগম (৭০)।
নিহত মফিজুল ইসলাম মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি বিজিবির খাগড়াছড়ি ৫১ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। মঙ্গলবার যশোর-বেনাপোল মহাসড়কের হাজিরালী এলাকায় দুর্ঘটনায় নিহত হন।
পারিবারিক সূত্র জানায়, মফিজুলের স্ত্রী পলি খাতুন ঝিকরগাছার হাজিরালীতে ব্র্যাকে কর্মরত। এ জন্য তিনি ঈদের ছুটিতে ঝিকরগাছায় আসছিলেন। বাস থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত তিনি পড়ে যান এবং ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, যশোরের শিল্প শহর নওয়াপাড়া শংকরপাশা স্কুলসংলগ্ন রেল বস্তির সাত্তারের স্ত্রী আমেনা বেগম দুপুর ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।
পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।


