জেলা প্রতিবেদকঃ যশোরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মিন্টু গাজীকে গুলি করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় সাইফুল নামে একজনকে ছুরিকাঘাত করা হয়।
সোমবার (০৪ মে) বিকেলে শহরের বকচর হুশতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মিন্টু গাজীকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মিন্টুর পেটে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
মিন্টু গাজীর খালাতো ভাই বাবলু পাটোয়ারী সাংবাদিকদের বলেন, সম্প্রতি নয়ন নামে এক ছিনতাইকারী সাইফুলের মোবাইল ছিনতাই করে। এই ঘটনায় ছিনতাইকারী লিটনের বাড়িতে পুলিশ হানা দিয়ে তার মোটরসাইকেল জব্দ করে। এ নিয়ে মিন্টু গাজীসহ সাইফুলের সাথে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমাদুল ও যুবদল নেতা লিটনের বাকবিতণ্ডা হয়। পরে তারা বাইরে থেকে লোক এনে মিন্টু গাজীকে গুলি করেন। ইমাদুল নিজেই গুলি করেন। পরে আমরা মিন্টু গাজীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় যশোর হাসপাতাল থেকে তাকে খুলনায় নিয়ে আসা হয়েছে। পরে শুনেছি সাইফুলের বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়েছে। একই সাথে তার ভাইকে চাকু মারা হয়েছে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


