বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ৩০টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যশোর ৪৯ বিজিবি। আটকরা হলেন- ওই গ্রামের আজিজুল ধোপার ছেলে রনি (৩৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (৩৪)।
বিজিবি জানায়, বড় আঁচড়া গ্রাম দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাঁচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ রনি ও ইকবালকে আটক করা হয়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক ওই দু’জনকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বারগুলোসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


