যুক্তরাষ্ট্রে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৩, আহত ৫০

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে তিনজন নিহত ও অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। খবর রয়টার্সের।

অঙ্গরাজ্যটির দক্ষিণ-পশ্চিমে একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের মুখপাত্র জাস্টিন ডান বলেছেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রেনটিতে ২০০ জনের বেশি যাত্রী এবং প্রায় এক ডজন ক্রু ছিলেন। ট্রেনটি একটি নুড়ি রাস্তার চৌরাস্তা অতিক্রম করছিল। সে সময় এর সামনে একটি ট্রাক চলে আসে।

কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ পাওয়া গেছে ঘটনাস্থলে। উদ্ধার কাজের দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, আশপাশের কাউন্টি থেকে জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।