যুক্তরাষ্ট্রে ৪০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সারাবিশ্বে পড়তে শুরু করেছে। ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার সকল পণ্য, সেবা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে দেশটিতে। আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল জ্বালানি তেলের দাম, এখন তার সাথে যুক্ত হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্যের দাম। এ অবস্থায় আমেরিকাতে মূল্যস্ফীতি গিয়ে ঠেকেছে ৭ দশমিক ৯ শতাংশে। যা দেশটির ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। খবর- আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকাতে চলতি বছর ফেব্রুয়ারিতে পেট্রোল, খাদ্য ও বাড়িভাড়া ব্যয় গেল ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। মহামারি করোনা কারণে এমনিতেই মূল্যস্ফীতি বেশি ছিল দেশটিতে। যা এখন ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে আরও প্রকোট আকার ধারণ করেছে।

বিশ্বের ক্ষমতাধর দেশটিতে ভোক্তা মূল্যসূচক এক লাফে বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক নয় শতাংশে। যা গত বছরের জানুয়ারিতে ছিল সাত দশমিক পাঁচ শতাংশে। বৃহস্পতিবার মার্কিন শ্রম বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে ভোলাটাইল ফুড ও এনার্জি কমপোনেন্ট ছাড়া তথাকথিত কোর মূল্য এক মাস আগের থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশ ও এক বছর আগের থেকে ছয় দশমিক চার শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, আগের মাসের তুলনায় ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ছয় দশমিক ছয় শতাংশ বেড়েছে। রাশিয়ার হামলার পরই তেলের দাম বেড়ে যায়। গত মাসের শেষের সপ্তাহে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে।

চলতি মাসে পেট্রোলের খুচরা মূল্য গ্যালন প্রতি ১৯ দশমিক তিন শতাংশ বেড়ে ৪ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে আগের মাসের তুলনায় খাদ্যের দাম বেড়েছে এক শতাংশ। যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। সব মিলিয়ে দেশটির মূল্যস্ফীতি ১৯৮১ সালের পর সর্বোচ্চ হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর কতটা প্রভাব পড়বে তা এখনো অস্পষ্ট। বাইডেন প্রশাসন রাশিয়ান তেলের ওপর এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে। যার ফলে দেশটির জ্বালানিখাতে চাপ বাড়ছে।