যুবককে গুলি করে খুন, আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালীর চরণদ্বীপে ঘরে ঢুকে গুলি করে নাছির নামের এক যুবককে খুনের মামলার প্রধান আসামি শওকত হোসেন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাতে স্থানীয় বড়ুয়া পাড়া বালুর ঘাট এলাকায় অস্ত্র উদ্ধারে যাওয়ার সময় শওকত হোসেনের অনুসারিদের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয় বলে দাবি করেছে পুলিশ।

শওকত হোসেন উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছি মিয়ার ছেলে।

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, আসামি শওকতকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও আত্মরক্ষায় গুলি করে।

তিনি বলেন, পুলিশের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও শওকত হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার রাতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে গুলি করে নাছির নামের এক যুবককে খুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি পিস্তল, একটি এলজি, ৫ রাউন্ড গুলি, ২টি কার্তুজ, ছুরি, চাপাতি, দা সহ জসিম ও শওকত নামের দুইজনকে গ্রেফতার করা হয়।