নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমান গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।
এদিকে এ মামলায় রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসুদুর রহমান আদালতে সানীকে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী এম জুয়েল আহমেদ এবং মুরাদুজ্জামান মুরাদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।
এম জুয়েল আহমেদ বলেন, পুলিশ আরাফাত সানীকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করি। আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে সংশ্লিষ্ট আদালতে জামিনের এখতিয়ার না থাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জামিন আবেদনের জন্য বলেছেন।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম রেজানুর রহমানের আদালতে মামলাটি করে সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।


