নিজস্ব প্রতিবেদক রংপুর : তিস্তার পানি কিছুটা কমলেও রংপুর বিভাগে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকালে তিস্তা ব্যারাজের উজানে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও সোমবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। এ ছাড়া তিস্তার ডান তীররক্ষা বাঁধের ২০টি ও ক্যানেল বাঁধের পাঁচটি স্থানে ভেঙে গেছে। এ সব বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনী কাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৪০ মিটার। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামের অধিকাংশ স্থান তলিয়ে গেছে। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখতে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহেদুজ্জামান, সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। বিকেল থেকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার অভিযানে নেমেছে।
জানা গেছে, পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেই সঙ্গে বিভিন্ন উপজেলায় রাস্তা ভেঙে গেছে।
রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, বন্যা দুর্গতদের জরুরি ভিত্তিতে ত্রাণ দিতে ৮ জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দিনাজপুর শহররক্ষা বাঁধ ও রংপুরের গঙ্গাচড়ায় দুর্গতদের উদ্ধারে সেনা সদস্যরা কাজ করছেন।

পানি উন্নয়ন বোর্ড রংপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহাবুব রহমান জানান, বাঁধের যে সব স্থানে ভেঙে গেছে সেই সব স্থান মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তফিজুর রহমান জানান, গত ৫ বছরে এটাই তিস্তায় সর্বোচ্চ পানি বৃদ্ধি। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তায় রেড এলার্ট জারি করা হয়েছে।
এদিকে দিনাজপুরে বন্যাকবলিত হয়ে একই পরিবারের তিন জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে ১২ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন, সাপের দংশনে একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দিনাজপুরের জেলা প্রশাসক মির খায়রুল আলম ১৩ জনের মৃত্যুর কথা জানান। এ ছাড়া, রাত ১০টার দিকে বীরগঞ্জে বন্যার পানিতে ডুবে জাহাঙ্গীর নামে ব্যক্তি মারা গেছেন।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকার দুলু মিয়ার দেড় বছরের ছেলে বাবু পানিতে ডুবে ও হলোখানা ইউনিয়নের খামার হলোখানা গ্রামের খালেকের স্ত্রী জোসনা খাতুন (২৫) সাপের দংশনে মারা গেছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মো. খুরশিদ আলম জানান, কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সাড়ে ৪ কিলোমিটার ও কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের সাড়ে ৯ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে আছে। এর মধ্যে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের পাটেশ্বরী এলাকায় দুটি পয়েন্টে ধসে গেছে।
লালমনিরহাট বন্যা পরিস্থিতি অপরিবর্তি রয়েছে। হাতীবান্ধায় রেলপথ ভেঙে যাওয়ায় রোববার সকাল থেকে লালমনিরহাট-বুড়িমারী রুটে রেল যোগোযোগ বন্ধ রয়েছে। সদর উপজেলায় ধরলা নদীতে ডুবে নাজিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


