রাউজানে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রামের রাউজানে অলি মিয়া হাট এলাকায় মজিদ ভান্ডারী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম। 

তিনি জানান, নিহত মজিদ ইফতারের পর স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় সশস্ত্র কয়েকজন দুর্বৃত্ত মজিদ ভান্ডারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।