রাজউক প্রকৌশলীকে হাইকোর্টে তলব : গৃহকর্মীকে গুম

জ্যেষ্ঠ প্রতিবেদক : গৃহকর্মী আজিদা খাতুনকে (১২) গুম করে রাখার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) আসাদুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল ওই প্রকৌশলীকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচাপরতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে কিশোরীর বাবার করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে গাজীপুরের জয়দেবপুর থানার ওসিকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

এর আগে গত ৫ মার্চ একটি পত্রিকায় ‘রাজউক প্রকৌশলী আসাদুজ্জামানের কারিশমা! কিশোরী গৃহকর্মীকে তিন মাস গুম করে রাখার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আজ এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী শাহানারা বেগম।

ওই প্রতিবেদনে বলা হয়, কিশোরী আজিদা খাতুন রাজধানীর পান্থপথে রাজউক প্রকৌশলী আসাদুজ্জামানের বাসায় গৃহকর্মীর কাজ করত। কিন্তু তিন মাস ধরে তার কোনো খোঁজ পাচ্ছিল না তার স্বজনেরা। কিন্তু গৃহকর্তা তার বাসার কাজের মেয়ের সন্ধান চাইলে নানা রকম টালবাহানা করছেন। এমনকি ওই গৃহকর্তা থানা পুলিশে এসব বিষয়ে অভিযোগ ‘না’ দিতেও কড়া ভাষায় নিষেধ করেছেন নিখোঁজ কিশোরীর পরিবারকে। মেয়ের কোনো খোঁজ না পেয়ে অবশেষে আব্দুল আজিজ খান গাজীপুরের জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছেন।