রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার; তিন দিনের রিমান্ড মঞ্জুর

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর বাড্ডা ও উত্তরায় পৃথক দু’টি থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম জাহেদুল ইসলাম (২৮)। উদ্বারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বাড্ডা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ী জাহেদুল ইসলামকে জিঞ্জাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হলে শুনানী শেষে বিঞ্জ আদালত ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।বুধবার দুপুরে রাজধানীর আফতাবনগর ও বিকেলে উত্তরায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, ৬ বস্তা মিষ্টি জিরা, ৩ কার্টন দারুচিনি সহ তাকে আটক করে বাড্ডা থানা পুলিশ।আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম (বার) এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার দুপুর ২টার দিকে বাড্ডা থানা পুলিশ রাজধানীর আফতাবনগরের মূল প্রবেশ পথ এলাকায় গোপনে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাহেদুল ইসলাম (২৮)কে গ্রেফতার করে। পরকর্তীতে গ্রেফতারকৃত জাহেদুলের দেওয়া তথ্যমতে বুধবার বিকেল ৫টার দিকে উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরস্থ এসএস পরিবহনের কাউন্টারের সামনে থেকে পৃথক অভিযান চালিয়ে আরো ৯ হাজার ৮শ পিস ইয়াবা, ৬ বস্তা মিষ্টি জিরা ও ৩ কার্টুন দারুচিনি উদ্ধার করা হয়। প্রাথমিক জিঞ্জাসাদে ধৃত জাহেদুল মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সোহরাব হোসেন জানান, ধৃত জাহেদুল ইসলাম পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বাড়ি চট্রগ্রামের বাঁশখালি থানা এলাকায়। সেখান থেকে অভিনব কায়দার ইয়াবার চালান ঢাকায় নিয়ে এসে সে খুচরা বিক্রি করে আসছিল। তিনি আরও বলেন, উদ্বারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ বিষয়ে ডিএমপি’র বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।