রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের তিনজন সদস্য আটক

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক তিনজন হলেন, স্বপন (২৫), ফজলে রাব্বি (১৯), ইয়াছিন (২১)।শনিবার (২৪ আগস্ট) র‌্যাব-১০ এর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যাত্রাবাড়ী এলাকায় শুক্রবার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯টায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি, ৫টি ব্লেড ও নগদ ৫শ টাকা জব্দ করা হয়। ছিনতাই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশ এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিল। আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।