রাজধানীর শাহজাহানপুরে আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে এ মামলা করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ শুক্রবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে শাহজাহানপুর থানায় করা এ মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি হিসেবে মামলা করেছেন ডলি।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করে দুর্বৃত্তরা।

এর আগে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) এবং প্রীতি (২৪) নামে রিকশা আরোহী এক কলেজছাত্রী। এ ঘটনায় টিপুর গাড়ি চালক মুন্না (২৬) গুলিবিদ্ধ হন। নিহত প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে দুজনকে মৃত ঘোষণা করেন।