নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে চার যৌনকর্মীসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে অসামাজিক কার্যকলাপের অপরাধে জেলার পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম তাদের এই দণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত ‘গ্রীণ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামানিক জানান, হোটেল থেকে মোট আটজনকে আটক করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে দুই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। তারা ঢাকা থেকে এসে কোনো কিছু না জেনেই ওই হোটেলটিতে উঠেছিলেন।
তবে হোটেল থেকে আটক করা চার যৌনকর্মী এবং আমিনুল ইসলাম (৩৪) নামে অপর এক ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া হোটেল মালিক সোহাগ আলীকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।


