কুড়িগ্রাম প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত সোনাকুড়া নামক এলাকা থেকে ২০০ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যার দিকে ইয়াবাসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের হাতে আটক রফিকুল ইসলাম রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি রাজীবপুর উপজেলার বালিয়ামারী বাজার পাড়া গ্রামে। রাজীবপুর থেকে ২০০ পিস ইয়াবা বিক্রি করতে সোনাকুড়া এলাকায় গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


