রাজীবের হাত হারানোর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক : দুই বাসচালকের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীবের হাত হারানোর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে রাজীবের চিকিৎসার সমস্ত ব্যয় বহনের জন্য বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে সেটাও জানতে চাওয়া হয়েছে।

বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনালে অরবিন্দ কুমার রায় ও জেসমিন সুলতানা শামসাদ।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ আট বিবাদিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল ৩ এপ্রিল রাজধানীতে বেপরোয়া গতির একটি বাসে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হোসেন (২২) আরেক বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের হাত হারান। এ ঘটনায় তার ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এ খবর যুক্ত করে রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বেলা দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দ্বিতল বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিল। পরে একই দিক থেকে আসা স্বজন পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় যাত্রী রাজিব হাসানের ডান হাত দ্বিতল বাসের সাথে লেগে বিচ্ছিন্ন হয়ে যায় এবং হাতটি দ্বিতল বাসের সাথে লেগে ঝুলছিল। পরে তাৎক্ষণিকভাবে রাজিবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়।