রাজীব গান্ধী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক তার জবানবন্দি রেকর্ড করেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, রাজীব গান্ধীর বিরুদ্ধে ২০১৬ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় রাজীবকে ৩০ মার্চ পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। বুধবার বিকেলে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাজীব গান্ধী।

তিনি আরো জানান, রাজীব ২০১৫ সালের ২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লিচিকিৎসক মাহাবুবর রহমান ডিপটি গুলি করে হত্যা ও ২০১৫ সালের ১৯ জুলাই সাঘাটা উপজেলার বসন্তপাড়া গ্রামে ফজলে রাব্বী নামে এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রাজীব গান্ধী। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর ভূতমারি গ্রামের মাওলানা ওসমান গণি মণ্ডলের ছেলে।