নিজস্ব প্রতিবেদক : রানা প্লাজার ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসে ১ হাজার ১১৭ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জন মারা যান। ধ্বংসস্তূপ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার হয়। মৃত উদ্ধারকৃতদের মধ্যে ৮৪৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ পরীক্ষার নমুনা রেখে ২৯১ জনের অশনাক্তকৃত লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ৭৮ জন।
ওই ঘটনায় ২০১৫ সালের ১ জুন ৪১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর। গত বছর ১৮ জুলাই ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে মো. শাহ আলম ওরফে মিঠু, মো. আবুল হাসান ও সৈয়দ শফিকুল ইসলাম জনির বিরুদ্ধে আসামি সোহেল রানাকে পালাতে সহযোগিতার জন্য দণ্ডবিধির ২১২ ধারায় এবং অপর ৩৮ আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগে অভিযোগ গঠন করা হয়।
সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জানান, সোমবার মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু দুই আসামির পক্ষে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছেন। এ অবস্থায় অন্যান্য আসামির পক্ষে মামলার কার্যক্রম চলতে পারে না। এজন্য তারা সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।


