নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় ওয়ালীর রেজা (৩৩) নামে এক ভুয়া চিকিৎসককে আটকের পর দুই বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর রামপুরা পূর্ব হাজীপাড়া এলাকার যশোর মেডিসিন কর্নারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ টিম।
র্যাব থেকে জানানো হয়, ওয়ালীর রেজা কুষ্টিয়ার হাতিয়া আব্দেলপুর এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে। তিনি পূর্ব রামপুরায় থাকতেন। ওই এলাকার দ্যা যশোর মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসিতে রোগী দেখতেন। অভিযানের সময় তার কাছ থেকে ৭৯ হাজার টাকা ও চেম্বার থেকে প্রেসক্রিপশন করার জন্য ব্যবহৃত প্যাড উদ্ধার করা হয়।
র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ভুয়া চিকিৎসক রেজা রামপুরা এলাকায় শিশু ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। লোকজন চিকিৎসার জন্য তার কাছে গেলেও কেউ বুঝতে পারেননি। তাকে আটকের পর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


