নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে তা আরো বিস্তৃত করতে ব্যাংকিং সম্পর্ক উন্নয়নে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, মো. সোহরাব উদ্দিন এবং সেলিম উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ মন্ত্রণালয়ের এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য কর্তৃক রাশিয়া সফরের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে তা আরো বিস্তৃত করতে ব্যাংকিং সম্পর্ক উন্নয়নে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি এজেন্সি’ প্রতিষ্ঠার ৬০বছর পূর্তি উপলক্ষে ২৯-৩০ মে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অস্ট্রিয়া সফরের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪-১৬ জুন সুইডেনে এক দ্বিপাক্ষিক সরকারি সফরের ওপর এবং রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলন উপলক্ষে ২২-২৩ মে সৌদি আরব সফরের ওপর প্রতিবেদনও উপস্থাপন করা হয়।


