রুপার বোনের চাকরির ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

আনোয়ার হোসেন খোকন ঃ টাঙ্গাইলে চলন্ত বাসে গণ ধর্ষণের পর পৈশাচিকভাবে খুনের শিকার জাকিয়া সুলতানা রুপার বোনের চাকরির ব্যবস্থা করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মাদ নাসিম। শুক্রবার বিকালে রুপার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়শ উপজেলার আসানবাড়িতে এক স্বরণ ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বগুড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে তার যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ ছাড়াও তিনি উপস্থিত হাজারও জনতার সামনে আইনমন্ত্রী আনিছুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে রুপা ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতারকৃত অপরাধীদের দ্রুত বিচার আইনে চরম শাস্তির ব্যবস্থা করার অঙ্গিকার করেন। সমাবেশে যোগদানের পূর্বে তিনি নিহত রুপার পরিবারের খোঁজখবর নিয়ে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তাড়াশ উপজেলা পরিষদের অনুদান ১০ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২৫ হাজার টাকা, এমপি মিলন ব্যক্তিগত ৫০ হাজার টাকা এবং মন্ত্রী নাসিম ১ লাখ টাকার চেক নিহত রুপার মা হাছনাহেনা বানুর হাতে তুলে দেন।
স্বরণ ও শোক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন, পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহাম্মেদ, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, জেলা পরিষদের সদস্য অধ্যাপক মোফাজ্জল হোসেন, হোসনেয়ারা পারভিন লাভলী, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু প্রমুখ।