রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে কলেজ ছাত্রলীগ কর্মীরা হামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে কলেজ ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় জেলার সিনিয়র রোভার মেট মো. হাসানসহ তিন প্রশিক্ষণার্থী আহত হয়েছেন।
শনিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাকিব ও আজিজুল জানান, বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে চার দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল আজ। প্রশিক্ষণের অংশ হিসেবে অজানা উদ্দেশে ভ্রমণ (হাইকিং) শেষে কলেজ মাঠে উপস্থিত হন তারা। এ সময় কলেজ মাঠে এ অনুষ্ঠান নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে পিয়াস ও বাঁধনের নেতৃত্বে ১৫/১৬ জনের ছাত্রলীগ কর্মী প্রশিক্ষাণার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


