রোহিঙ্গা তরুণীকে আটক ভূয়া পিতাসহ

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারে ভুয়া পিতাসহ পাসপোর্ট করাতে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে।

পরে আটক দু’জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক রোহিঙ্গা তরুণী হলেন- রশিদা (১৮)। তিনি মিয়ানমারের মংডুর আবদুল আমিনের মেয়ে এবং ভুয়া পিতা মনজুর আলম কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সহকারি পরিচালক আবু নাঈম  জানান, আটক দুইজন মঙ্গলবার সকালে পিতাকন্যা পরিচয়ে কক্সবাজার আঞ্চলিক পার্সপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে। এসময় রোহিঙ্গা তরুণী নিজেকে মনজুর আলমের কন্যা আসমা বলে পরিচয় দেয়। কিন্তু বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কথিত আসমার ফিঙ্গার প্রিন্ট নিয়ে সার্ভারে পরীক্ষা করা হয়। এতে জানা যায় কথিত আসমা আসলে রোহিঙ্গা তরুণী রশিদা। তার পিতার নাম আবদুল আমিন। সে একজন নিবন্ধিত রোহিঙ্গা। থাকে টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে।

এরপর ভ্রাম্যমাণ আদালতে রোহিঙ্গা তরুণী ও তার কথিত পিতা মনজুরকে হাজির করা হলে আদালত তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়।

এর আগেও গত ১৬ জুলাই পিতা নামধারী দালালসহ এক রোহিঙ্গা তরুণী গ্রেফতার হয়। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।

এব্যাপারে সহকারি পরিচালক আবু নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো’ টাইপের বাংলাদেশি লোকটার কাছে বাংলাদেশের জাতীয়তার আসলে কোনো মূল্য নেই। তাই বিজাতীয় এক মেয়েকে টাকার বিনিময়ে বাংলাদেশের পাসপোর্ট পাইয়ে দেওয়ার এক দুরন্ত চেষ্টা চালিয়েছে লোকটি। কিন্তু রোহিঙ্গা ডাটাবেইজের তথ্য মিলিয়ে দেখা গেল সে নিবন্ধিত রোহিঙ্গা।