রোহিঙ্গা মুসলমানদের হত্যা নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্দন

মো. রবিউল ইসলাম ,টঙ্গী ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্মম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে টঙ্গী রাজপথ ছিল প্রতিবাদমুখর। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে এলাকার বিভিন্ন মসজিদ থেকে কলেজ গেইট এলাকায় উপস্থিত হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ, বিশ্ব সুন্নি আন্দোলন, খেলাফত মজলিস। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা জাহিদুর রহমান, আবুল কাশেম ও আমজাত হোসেন বাবুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর এমন নির্মম ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ কোনভাবেই সহ্য করা যায় না। এই নির্মমতার বিরুদ্ধে মুসলিম বিশ্ব, ওআইসি, জাতিসংঘকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বাংলাদেশের ঈমানদার জনতা বার্মা দূতাবাস, জাতিসংঘ দূতাবাস ঘেরাও করবে। তাতেও কাজ না হলে মিয়ানমার অভিমুখে লংমার্চসহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বক্তারা আরো বলেন, নির্মম গণহত্যার শিকার অসহায় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দানের জন্য সরকারের প্রতি দাবি করেছেন। সামরিক হত্যার জাতিগত নির্মূল অভিযানের শিকার মা, বোন, শিশু সকলে আজ চরম নির্যাতন ও ব্যাপক হত্যাকান্ডের মুখে বিপন্ন। যাদের আশ্রয় ব্যতীত মৃত্যু ছাড়া পথ নেই।