র‌্যাব ক্যাম্পে নিহত যুবকের লাশ ঢামেকে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণে নিহত যুবকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়েছে।

ময়নাতদন্তের জন্য শুক্রবার রাত সোয়া ৮টার দিকে অজ্ঞাত ওই যুবকের লাশ ঢামেক হাসপাতালে নিয়ে আসেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক ইয়াসিন খন্দকার।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত সোয়া ৮টার দিকে লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ময়নাতদন্ত কখন করা তা বলা যাচ্ছে না।

ঢামেক সূত্র জানায়, বোমার আঘাতে নিহতের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। পেটের অংশটুকু নেই বললেই চলে। তার মাথা দুই হাতের কিছু অংশ এবং দুই পায়ের কিছু অংশ হাসপাতালে আনা হয়েছে।

শুক্রবার দুপুরে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের সীমানা দেয়াল পার হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে ওই অজ্ঞাত যুবক। সেখানে উপস্থিত র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে পালানোর চেষ্টা করে। ওই সময় তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। তারা হলেন- ল্যান্স করপোরাল মিজানুর রহমান ও কনস্টেবল মো. আরিফ।

এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানায়নি র‌্যাব।