লাইসেন্স ও হেলমেট ছাড়া বিলবেনা জ্বালানি 

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ সড়ক নিরাপত্তা নিশ্চিত ও জ্বালানি তেলের অপব্যবহার রোধে দিনাজপুর জেলার খানসামায় উপজেলায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। হেলমেট, যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো মোটরসাইকেল বা যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।
গতকাল বৃহস্পতিবার  উপজেলার বিভিন্ন জ্বালানি তেল পাম্প ঘুরে দেখা যায়, এ সংক্রান্ত জনসচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে নির্দেশনাগুলো প্রচার করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জ্বালানি তেলের অপব্যবহার রোধ ও মজুদ, সড়ক দুর্ঘটনা কমানো, আইন মেনে চলতে চালকদের উদ্বুদ্ধ করা এবং নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিত করা। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকল ফিলিং স্টেশনকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে কামরুল হাসান বলেন, ‘৬ ঘণ্টা অপেক্ষা করার পরেও তেল পাইনি। আর কত নিয়ম-কানুন মানতে হবে?’
অন্যদিকে রেজাউল করিম, সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি তেল মজুদ হতে রক্ষা হবে, সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে এবং দুর্ঘটনা কমাতে ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ট্যাক অফিসার নিয়োগের মাধ্যমে তেল পাম্প হতে জ্বালানি সরবরাহের  এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি জ্বালানি তেলের অপব্যবহার রোধ করা সম্ভব হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। সবসময় বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
জেলা প্রশাসনের এই উদ্যোগ সড়ক নিরাপত্তা ও আইন মেনে চলার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।