লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, গ্যাস উত্তোলনের শর্ত লঙ্ঘনের অভিযোগে তারা প্রতিবেশী দেশটিতে সরবরাহ বন্ধ রেখেছে।

লাটভিয়ার জ্বালানি সংস্থা লাটভিজাস গেজ এর আগে জানিয়েছিল যে, তারা রাশিয়া থেকে গ্যাস কিনছে এবং গ্যাজপ্রমের সঙ্গে তাদের এই বাণিজ্যে রুবলের পরিবর্তে ইউরোতে অর্থ প্রদান করা হচ্ছে। এমন ঘোষণার এক দিন পরেই গ্যাজপ্রম গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানাল।

এর আগে গ্যাজপ্রম জানায়, তাদের প্রধান পাইপলাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাস সরবরাহ আরো কমিয়ে দেওয়া হবে।

এর আগে চলতি সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার ওপর একটি নিষেধাজ্ঞা জারি করে। এতে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি হতে রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করবে লাটভিয়া।

রাশিয়ার সামরিক বাহিনীর ইউক্রেনে অভিযান চালানোর পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার পথ খুঁজছে।

বিদ্যমান বাস্তবতায় রাশিয়া অবশ্য ইউরোপীয় দেশগুলোকে গ্যাসের দাম রুশ মুদ্রা রুবলে পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করছে। মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বৈদেশিক সম্পদ আটকের পর জবাবে মস্কো ইউরোপের দেশগুলোকে রুবলে বিল পরিশোধ করতে বলে আসছে।

উল্লেখ্য, তেল-গ্যাস-কয়লাসহ সবপ্রকার জ্বালানির জন্য ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল রাশিয়ার ওপর। ইউরোপের মোট চাহিদার ৩০ শতাংশেরও বেশি গ্যাস আসে রাশিয়া থেকে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে রুশ বাহিনী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার তেল ও কয়লার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

গ্যাসের ওপর নিষেধাজ্ঞা জারি না করা হলেও ইইউ নেতারা বলেছিলেন, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চান তারা।