লালবাগে দ্বিতীয় বিয়েতে প্রত্যাখ্যাত হয়ে…

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার লালবাগের ক্ষুদ্র ব্যবসায়ী জনি (২২)। বিয়ে করেছিলেন প্রায় পাঁচ বছর আগে। সংসারে চার বছরের শিশু কন্যাও আছে জনির। তারপরও দ্বিতীয় বিয়ের আগ্রহ তার। স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে তোলেন। সম্পর্কের এক পর্যায়ে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বাধ সাধেন ওই তরুণী। দ্বিতীয় স্ত্রী হতে রাজি হননি। তাই আত্মহননের পথ বেছে নেন জনি।

শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে লালবাগ থানা এলাকার শহীদনগরের ২ নম্বর গলির একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জনিকে উদ্ধার করেন তার স্ত্রী সোফিয়া বেগম।

অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জনি লালবাগ এলাকার স্থানীয় ও তার একটি ভিডিও ক্যাসেটের বিক্রির দোকান রয়েছে।

জনির স্ত্রী সোফিয়া বেগম বলেন, ‘বেশ কিছু দিন ধরে দ্বিতীয় বিয়ের জন্য উঠেপড়ে লেগেছিল জনি। এ বিষয়ে আমার অমত ছিল। এ নিয়ে প্রায়ই আমাদের মধ্যে ঝগড়া হতো। শুনেছি বিয়ের জন্য জনি এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে তোলে। কিন্তু প্রথম বিয়ের কথা জানার পর ওই মেয়ে তার দ্বিতীয় স্ত্রী হতে অস্বীকৃতি জানায়। এতে ভেঙে পড়ে সে। হয়ত ওই মেয়ে তার প্রথম বিয়ের কথা জানতো না। এজন্য তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল।’

বিলাপ করে তিনি বলেন, ‘আমাদের সংসারে চার বছরের একটি মেয়ে রয়েছে। তার পরও জনি বিয়ে করতে চেয়েছিল দেখে খারাপ লাগছিল। কিন্তু বিয়ে করতে না পারায় সে আত্মহত্যা করবে সেটা ভাবিনি। এমন করবে জানলে আমি নিজেই তার বিয়ে করাতাম।’

বিষয়টি সম্পর্কে এখনো লালবাগ থানা পুলিশ কিছুই জানে না। তবে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘হত্যার মূল কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তেই বিষয়টি জানা যাবে যে, জনি আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে অন্য কোনো কিছু লুকিয়ে আছে।’