জেলা প্রতিবেদকঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক ও তার এক সহযোগিকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জোংরা ইউনিয়নের পশ্চিম পানিয়াটারি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জোংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে ও জোংরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক খালেদ মোর্শেদ টিটু (২৯) ও তার সহযোগী একই এলাকার যৌগিক চন্দ্র শিশিরের ছেলে যুগল কুমার (৩৫)।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের খারিজা জোংরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিটু ও কুমারকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাটগ্রাম থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


