লেবাননে থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় অনেক লোক মারা গেছে। এর মধ্যে দিপালী খাতুন নামে আমাদের দেশের এক নারী রয়েছেন। এটা খুবই দুঃখজনক। ইতোমধ্যে দিপালীর বোন ও তার পরিবার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লেবাননে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ কারণে আমাদের ফ্লাইট সুবিধাজনক অবস্থায় নেই, তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমাদের লেবাননের মিশন।

শামা ওবায়েদ বলেন, নিহত দিপালী আমার নিজের জেলা ফরিদপুরের চরভদ্রাসনের মেয়ে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তার পরিবারকে শোক সইবার তওফিক দেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে সব প্রবাসী আছেন তারা যেন নিরাপদে থাকতে পারে, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার সচেষ্ট আছে। আমরা চেষ্টা করছি, তাদের নিরাপদ জায়গায় স্থানান্তর করতে। অনেককে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তার অভাবে যারা দেশে ফিরে আসতে পারছেন না, তাদের দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে করে কিছু বাংলাদেশিকে ফেরত এনেছি। আরও যারা আসতে চান তাদের আসার ব্যবস্থা করছি।

তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক বিভিন্ন দেশে এখন পর্যন্ত নারীসহ ৮ জন নিহত হয়েছেন।

মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার প্রমুখ।