লোকাল এলাকার মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি এস এম জাহাঙ্গীর হোসেনের

সেক্টরভিত্তিক উন্নয়ন ও লোকাল এলাকার মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, উত্তরা সেক্টরভিত্তিক এলাকাগুলোর তুলনায় রেললাইনের পরবর্তী উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ অঞ্চল পরিকল্পিত উন্নয়ন থেকে দীর্ঘদিন বঞ্চিত। আগামীতে পুরো আসনকে সেক্টরের মতো পরিকল্পিত ও আধুনিক আসনে রূপান্তর করা হবে।

সকালে দক্ষিণখান রেললাইনের পাশের দেওয়ান সিটিতে গণসংযোগ কর্মসূচির সূচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই এলাকার মানুষকে অনেক সময় অবহেলার চোখে দেখা হয়, এমনকি কেউ কেউ ‘নিম্ন অঞ্চল’ বলেও কটাক্ষ করে। অথচ এখানকার মানুষ কোনোভাবেই পিছিয়ে নেই। রাষ্ট্রীয় পরিকল্পনার ঘাটতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাবেই তারা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সেক্টর ও লোকাল এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রেললাইনের দুই পাশের এলাকাকে কার্যকর সড়ক যোগাযোগের মাধ্যমে সংযুক্ত করা হবে, যাতে মানুষ সহজেই কর্মস্থল, শিক্ষা ও চিকিৎসাসেবায় পৌঁছাতে পারে।

আবাসন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, রাজউকের নীতিমালা অনুসরণ করে পরিকল্পিত ইমারত নির্মাণ নিশ্চিত করতে হবে। অপরিকল্পিত ভবন ও অবৈধ স্থাপনার কারণে জলাবদ্ধতা, যানজট ও নাগরিক দুর্ভোগ বাড়ছে। এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে দক্ষিণখানের সড়ক প্রশস্তকরণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে অন্যতম লক্ষ্য। কেউ যেন বিনা অপরাধে হয়রানির শিকার না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের পক্ষে কাজ করতে হবে। নির্বাচিত হলে পর্যায়ক্রমে এলাকার সমস্যাগুলোকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে অপরাধের কোনো জায়গা নেই। আমরা নিজেরা অপরাধে জড়াবো না, কাউকেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে দেওয়া হবে না। রাজনীতি হবে মানুষের অধিকার আদায় ও উন্নয়নের জন্য।

নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যেই নারীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বা ‘ফার্মার কার্ড’ চালু করা হবে, যাতে পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়। নারীদের মর্যাদা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিএনপি বিশেষ গুরুত্ব দেবে বলেও তিনি উল্লেখ করেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের কথা তুলে ধরে দ্রুত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।