শাহজালালে ৩ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৯০০ পিস মোবাইল ফোন জব্দ

এস,এম,মনির হোসেন জীবনঃ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন অবস্থায় জব্দ করা ৯০০ পিস ক্লাউড মোবাইল ফোন সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট ইউনিটের কর্মকর্তারা। জব্দকৃত মোবাইল ফোনের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। এঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা। তবে, মোবাইল পাচারকারী চক্রের সদস্যদেও ধরতে শুল্ক গোয়েন্দাদের অভিযান চলছে।
মঙ্গলবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড এলাকা থেকে ৯০০ পিস ক্লাউড মোবাইল ফোন জব্দ করা হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. সহিদুল ইসলাম আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্যাংকক থেকে (টিজি- ৩৩৯) নম্বরের বিমানটি ঢাকা শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। তখন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা মালিকবিহীন দুইটি ব্যাগ জব্দ করে। পরে শুল্ক গোয়েন্দা কালো ও অ্যাশ রঙের দুইটি ব্যাগ থেকে ৯০০ পিস ক্লাউড ফোন উদ্বার করে। যার মধ্যে একটির ট্যাগ নাম্বার ০২১৭এ১৭৯৪২৭ ও অন্যটি ট্যাগবিহীন অবস্থায় পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দাদের ধারণা, কোনো যাত্রীর মাধ্যমে মোবাইল গুলো পাচার করার পরিকল্পনা ছিল। জব্দকৃত মোবাইল এর বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। জব্দকৃত মোবাইল ফেঅন গুলো শুল্ক গোয়েন্দাদের হেফাজতে আছে। মঙ্গলবার এঘটনার পর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত মোবাইল পাচারকারী চক্রের সদস্যদের ধরতে শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দাদের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।