এস,এম,মনির হোসেন জীবন: ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৪শ চল্লিশ পিস ইয়াবাসহ কলেজ শিক্ষার্থী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটারিয়ন (এপিবিএন)। আটক যাত্রীর নাম মিল্টন ভুইয়া (২২)। তিনি গাজীপুরের রোভার পল্লী কলেজ থেকে সমাজকর্মে বিএসএস পাস করেছে বলে জানা গেছে। আটক মিল্টন ভুইয়া গাজীপুর জেলার কাপাসিয়া থানার কড়িহাতা গ্রামের সফিকুল ইসলামের পুত্র । আটক ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বর্হিগামী গাড়িপার্কিং এলাকা থেকে তাকে ইয়াবা সহ আটক করে এপিবিএন পুলিশ।
পরে শুক্রবার দিবাগত রাত ১১ টার সময় বিমানবন্দর থানায় এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আজ শনিবার নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে যাত্রী মিল্টন ভুইয়া (২২) নভোএয়ার এয়ারলাইন্স যোগে কক্সবাজার থেকে এই ইয়াবা চালান নিয়ে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন। এরপর সে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বর্হিগামী রাস্তার সন্নিকটে গাড়িপার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলো। এ সময় উক্ত এলাকায় নিরাপত্তা ডিউটি করাকালে ধৃত আসামীদ্বয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে যাত্রী মিল্টন ভুইয়া’র কাছে এক হাজার ৪শ চল্লিশ পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিল্টন এপিবিএন পুলিশকে জানায়, তার বাবা দুবাই প্রবাসী। সে সচ্চল পরিবারের সন্তান। প াশ পিস ইয়াবার বিনিময়ে সে এই ইয়াবা বহন করে।
সে আরও জানায়, কক্সবাজারের জনৈক সাজন ও তার স্ত্রী রুমা তাকে এই ইয়াবা লাবনী বিচ এলাকার একটি হোটেলে প্রদান করে। চুক্তি অনুযায়ী গাজীপুর চৌরাস্তার একটি হোটেলে এই ইয়াবা সাজনের কাছে হস্তান্তর করার কথা ছিলো। আটক মিল্টন গাজিপুরের রোভার পল্লী কলেজ থেকে সমাজকর্মে বিএসএস সম্মান সম্পন্ন করেছে বলে জানা গেছে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


