শিকার নিষিদ্ধ ১০০ কেজির শুশুক ১৫ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদী থেকে মহাবিপন্ন প্রজাতির একটি ডলফিন শিকার করে বাজারে বিক্রি করা হয়েছে। উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার ধলেশ্বরী অংশে রোববার ভোরে সেন্টু নামের এক যুবকের বড়শিতে ধরা পড়ে বিপন্নপ্রায় জলজ প্রাণীটি।

পরে সেন্টুর কাছে থেকে ১৫ হাজার টাকায় কিনে নিয়েছেন এলাকাবাসী। ১০০ কেজি ওজনের শুশুকটিকে আবার কেটে ভাগ করে নিয়েছেন ৪০ ব্যক্তি।

এলাকাবাসী জানান, রোববার ভোরে নদীতে বোয়াল মাছ ধরার একটি জিয়ালা বড়শি ফেলেন সেন্টু। বড়শিতে একটি বোয়াল ধরা পড়লে সেটি তুলতে যান তিনি। এ সময় বোয়াল মাছটিকে গিলতে গিয়ে বড়শিতে আটকা পড়ে বিশাল আকৃতির শুশুকটিও। এটি দেখে চিৎকার করতে থাকলে নদীর পাড়ের লোকজন ছুটে এসে শুশুকটিকে ডাঙ্গায় তুলে আনেন।

পরে স্থানীয় জাঙ্গালীয়া বাজারে নেয়া হয়। জানাজানি হলে এটি দেখতে ভিড় করতে থাকেন লোকজন। পরে সেটিকে কিনে নেন এলাকাবাসী।

সেন্টু মিয়া বলেন, বোয়াল মাছ মারা বড়শি নদীতে ফেলে আসি। বড়শি ফেলার পর ছোট একটি বোয়াল মাছ বরশিতে ধরা পড়ে। এ সময় ওই বিশাল আকৃতির শুশুক বোয়াল মাছটি গিলে ফেলে। ওই মাছটি দেখে আমি ভয় পেয়ে ডাক চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে নদী পাড়ের লোকজন ছুটে আসেন। শুশুক মাছটির ওজন আনুমানিক ১০০ কেজি হবে। পরে স্থানীয় বাজারে নেওয়া হলে স্থানীয়রা ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেয়।

শুশুক মাছের ক্রেতা ইসমাইল মিয়া জানান, মাছটি ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে কিনে নিয়েছি। পরে আমরা কয়েকজন মিলে মাছটি ভাগ করে নিয়েছি।

নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাছুম বিল্লা জানান, সামুদ্রিক প্রজাতির এই মাছগুলো এখন বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। খবর পাওয়ার আগেই স্থানীয়রা মাছটি কিনে ভাগাভাগি করে নিয়ে গেছেন। তবে এটি মারা, ধরা ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। এ ধরনের মাছ শিকার থেকে বিরত থাকতে আমরা স্থানীয়দের সতর্ক করে দিয়েছি।