জেলা প্রতিবেদকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে রওশন আরা (৫০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ।
রোববার (২৫ আগস্ট) দিনগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার অনন্তবালা হাতিবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামীর নাম শাহ আলম। তিনি পেশায় কৃষক।
স্থানীয়রা জানায়, রওশন আরার স্বামী শাহ আলম বিকেলে মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে যান। তাদের এক ছেলে মালয়েশিয়ায় থাকেন, এক মেয়ের বিয়ে হয়েছে। রওশন আরা একাই বাড়িতে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে চলে যায়। পরে, স্ত্রী হত্যার খবর শুনে শাহ আলম বাড়িতে ছুটে আসেন।
রাতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।


