চট্টগ্রাম: শিবির ক্যাডার সরোয়ার প্রকাশ বাবলা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কাতার থেকে বিমানবন্দর এসে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করে পুলিশ। সে বায়েজিদ বোস্তামী এলাকার খোন্দকার পাড়ার আবদুল কাদেরের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, ঢাকা বিমানবন্দরে সরোয়ারকে আটক করার খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর চট্টগ্রামে নিয়ে আসা হবে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে পালিয়ে কাতারে থাকা অবস্থায় মারামারির ঘটনায় সরোয়ার ও ম্যাক্সন কাতার পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী সরোয়ার ও ম্যাক্সনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ১৫টি মামলা রয়েছে।


