নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার মামলা দুটির অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা পরোয়ানা জারির আদেশ দেন।
পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়াপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব।
মামলা দুটিতে বিএনপি নেতা আমানউল্লাহ আমান, রফিকুল ইসলাম মিয়া, হাবীব উন নবী খান সোহেলসহ ১৮ জন জামিনে আছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ মার্চ বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে মিরপুরে ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় মিরপুর থানার এসআই মাসুদ রানা বিস্ফোরক দ্রব্য আইন এবং গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করেন।
মামলা দুটি তদন্ত করে ওই থানার এসআই জাহিদুল ইসলাম গত বছরের ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, অভিযোগপত্রে মোট ৪২ জনকে আসামি করা হলেও তাদের মধ্যে বিএনপিকর্মী সালমান খান সবুজ মারা যান। এ কারণে তার নাম বাদ দিয়ে মোট ৪১ জনের বিরুদ্ধে মামলা আমলে নিয়েছেন বিচারক।


