নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-২। সোমবার রাতে কলেজগেট সংলগ্ন ফুটওভার ব্রিজ ও শ্যামলী শিশু মেলা গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নওশাদ (২৪), ইমরান (২২), সোহাগ (২২), মনোয়ার হোসেন (৩৪), সুজন (১৮), বেল্লাল হোসেন বালম (৩০), সুজন (১৯)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা সংক্রান্ত কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য মেলে। এরপর সংঘবদ্ধ ছিনতাইকারীদের আইনের আওতায় আনয়নের লক্ষ্যে র্যাব-২ অভিযানে নামে।
সোমবার রাতে তাদের একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কলেজগেট ও শ্যামলী শিশু মেলার সামনে কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই ৭ জনকে ছুরি, চাকু ও মোবাইলসেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


