শৈলকুপায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিবেদকঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় জোয়াদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে তার প্রতিবেশীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (০৩ মে) সকালে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলী ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, আলীর বাড়ির সামনে তার একটি ছোট মুদি দোকান আছে। রোববার ভোরে কে বা কারা দোকানের সামনে মল ত্যাগ করে রাখে। সকালে দোকানে এসে এ অবস্থা দেখে রাগারাগি শুরু করেন আলী। এসময় প্রতিবেশী হায়দারসহ ৫/৬ জন এসে তাকে কিল ঘুষি ও লাঠি দিয়ে পেটিয়ে আহত করে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।